ভাড়া বাড়ছে মেট্রোরেলের

Passenger Voice    |    ০৩:১৬ পিএম, ২০২৪-০২-১৮


ভাড়া বাড়ছে মেট্রোরেলের

নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে মেট্রোরেলের জুড়ি মেলা ভার। আর তাই দিনদিন রাজধানীবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই যোগাযোগ মাধ্যম। ফলে প্রতিদিনই মেট্রোরেলে যাত্রীর চাপ বাড়ছে। যাত্রীরা বলছেন চাপাচাপি করে হলেও তারা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন। এ কারণে মেট্রোরেল তাদের প্রথম পছন্দ। এদিকে, ২০২৪-২৫ অর্থবছর থেকে মেট্রোরেলের টিকিটের ওপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফের মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। ফলে জুলাই থেকে ঢাকা মেট্রোরেলে চলাচলের খরচ বাড়তে পারে যাত্রীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনবিআর কর্মকর্তা বলেন, মেট্রোরেল পরিষেবা পুরোপুরি চালু না হওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী এনবিআর গত বছর মেট্রোরেলের টিকিটের দামে ভ্যাট ছাড় দিয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, 'এখন এনবিআর এই খাত থেকে আরও রাজস্ব আদায়ের লক্ষ্যে ভ্যাট মওকুফ প্রত্যাহার করতে চায়। এ ব্যাপারে তারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে বৈঠক করবেন।

তিনি আরও বলেন, মেট্রোরেল পরিষেবার ভ্যাট থেকে রাজস্ব বোর্ড বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। ওই এনবিআর কর্মকর্তা জানান, আইন অনুযায়ী, এসি ও নন-এসি উভয় ধরনের রেলওয়ে পরিষেবার জন্য ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ধারা ২৬-এ শীতাতপ-নিয়ন্ত্রিত (এসি) ও প্রথম-শ্রেণির নন-এসি রেল পরিষেবা কোনোটিতেই যাত্রী পরিবহনের জন্য ভ্যাট ছাড় দেওয়া হয়নি।

মেট্রোরেল যেহেতু সম্পূর্ণ শীতাতপ-নিয়ন্ত্রিত, তাই এই পরিষেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য বলে জানান তিনি।

ওই এনবিআর কর্মকর্তা আরও বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপের পর ন্যূনতম দূরত্বের টিকিটের মূল্য হবে ২৩ টাকা, যা বর্তমানে ২০ টাকা। আর সর্বোচ্চ দূরত্বের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হবে।

ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (জনসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ২.৭ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন।

তিনি আরও বলেন, ডিএমটিসিএল এখন পর্যন্ত প্রায় ৩ লাখ কার্ড ইস্যু করেছে। তবে কতজন যাত্রী দ্রুত পাস ব্যবহার করছেন, সে সম্পর্কে তাদের কাছে হালনাগাদ তথ্য নেই। সূত্র অনুসারে, এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ২.৭৫ লাখ যাত্রী চলাচল করেছেন।

হিসাব অনুযায়ী, গড়ে ২.৭ লাখ যাত্রী মাথাপিছু ৫০ টাকা খরচ করলে মোট টিকিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ১.৩৫ কোটি টাকা। অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে এনবিআর প্রতিদিন অতিরিক্ত ২০.২৫ লাখ টাকা রাজস্ব আদায় করতে পারবে। এর ফলে বছরে প্রায় ৭৪ কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সংস্থাটি।

ঘুড়ি উড়ানোর বিরুদ্ধে অভিযান চলছে

বুধবার কাজীপাড়া-শেওড়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ছাদ থেকে ওড়ানো ঘুড়ি এসে আটকে যায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের তারে। আর এতে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।

মেট্রোরেল কর্তৃপক্ষ মেট্রোরেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুড়ি উড়ানোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ সময় দুজনকে আটক করে কোম্পানি আইনে মামলা করা হয়েছে। আর ছয়জনের বয়স কম হওয়াতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় ৭ হাজার ঘুড়ি জব্দ করা হয়েছে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। এরপর গত বছরের ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন শেখ হাসিনা। ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়।

প্যা/ভ/ম