চট্টগ্রাম রেল ষ্টেশনে পুলিশের হাতে ধরা টিকিট কালোবাজারি আরিয়ান

Passenger Voice    |    ০৩:৩৪ পিএম, ২০২৪-০২-০৭


চট্টগ্রাম রেল ষ্টেশনে পুলিশের হাতে ধরা টিকিট কালোবাজারি আরিয়ান

নিজস্ব প্রতিবেদক: রেলের টিকিট কালোবাজারিরা রেলওয়েকে “রামরাজ্য” বানিয়ে রেখেছে। এবার ১০ টিকিটসহ ধরা পড়লেন এক ব্যক্তি।

গতকাল মঙ্গলবার (৬ ফ্রেব্রুয়ারি) রাতে গোপনসূত্রের ভিত্তিতে পুুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশে অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোঃ জাফর খানের নেতৃত্বে চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে রেল পুলিশ। অভিযানে অবৈধভাবে বিক্রি করার সময় ১০টি টিকিটসহ মো আরিয়ান হোসেন (২৩) নামে এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এস এম শহিদুল ইসলাম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, শুধু পুলিশ তৎপর হলে টিকিট কালোবাজারি বন্ধ করা সম্ভব না। যাত্রী সাধারণের সচেতনতা বাড়াতে হবে ও রেল কর্তৃপক্ষকে আরো ডিজিটালাইজ করতে হবে। ট্রেনের টিকিট ফেরত দেয়ার সময় যেমন রেজিষ্ট্রেশনকৃত মোবাইলে ওটিপি কোড যাচাই করে রেল কর্তৃপক্ষ। একই ভাবে যদি ট্রেনের টিকিট বিক্রির সময় সংশ্লিষ্ট যাত্রীর মোবাইলে ওটিপি কোড যাচাই করা হয় তাহলে টিকিট কালোবাজারি রোধ করা সম্ভব হবে। একই সাথে কারা টিকিট কালোবাজারি করে সেটাও রেল পুলিশ সহজে নিশ্চিত হতে পা। 

এস এম শহিদুল ইসলাম আরো বলেন,  প্লাটফর্মে দাঁড়িয়ে যাত্রীদের কাছে টিকেট বিক্রি করার সময় কালোবাজারি আরীয়ান হোসেনকে রেল পুলিশ আটক করেছে। জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে দীর্ঘদিন যাবৎ আরো অন্যান্য সহযোগীদের সাহায্যে অবৈধভাবে টিকিট সংগ্রহ করে সাধারণ জনগণের নিকট অধিক দামে বিক্রি করে আসছে। আসামীর স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে।

রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারী ও মাদকদ্রব্য উদ্ধারে জিরোটলারেন্স অব্যহত রেখে সার্বক্ষণিকভাবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারীসহ অভিযান অব্যহত আছে। টিকিট কালোবাজারীদের গ্রেপ্তারের পাশাপাশি যাত্রী সাধারণকে সচেতন করার জন্য স্টেশন এলাকাসহ আশপাশের এলাকায় সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও বিট পুলিশিং কার্যক্রম চলমান আছে। 

প্যা/ভ/ম