শিরোনাম
Passenger Voice | ১২:৫৪ পিএম, ২০২৪-০২-০১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় একটি চলন্ত ট্রেনে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটে।
গতকাল ৩১ জানুয়ারি বেলা একটার দিকে পৌরসভার উত্তর এয়াকুব নগর এলাকায় ঢাকামুখী মহানগর এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।ট্রেনটি আড়াই ঘণ্টা আটকে পড়ার কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহানগর এক্সপ্রেস নামের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।পরে সীতাকুণ্ডের উত্তর এয়াকুব নগর এলাকায় পৌঁছানোর পর চলন্ত ট্রেনটির ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। লোকো মাস্টার বিষয়টি বুঝতে না পারায় বগি থেকে বিচ্ছিন্ন অবস্থায় ইঞ্জিনটি নিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়।এরপর বুঝতে পেরে ইঞ্জিন থামিয়ে নিয়ন্ত্রণ কক্ষে খবর দেন। চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া ইঞ্জিন এবং বগিগুলো সীতাকুণ্ড স্টেশনে টেনে নিয়ে আসে।পরে বিচ্ছিন্ন হয়ে পড়া ইঞ্জিনটি রেখে অপর ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি বেলা সাড়ে তিনটার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ইঞ্জিন ও বগির মাঝখানে সংযোগকারী হুক ভেঙে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।ট্রেনটিতে ১৪ টি বগি ছিল।যাত্রীদের কেউ হতাহত হননি।এ ঘটনায় অন্য কোনো ট্রেনের সময়সূচিতে পরিবর্তন হয়নি।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত