চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

Passenger Voice    |    ১০:৪০ এএম, ২০২৪-০১-৩১


চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

কুড়িগ্রামের রাজিবপুরে চালক এনামুল হক (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করে অটোবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জানুয়ারি) গভীর রাতে রাজিবপুর উপজেলার স্লুইসগেট নামক এলাকায়। নিহত ব্যক্তি রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের উত্তর ইছাকুড়ি গ্রামের মৃত-মেছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় রাজিবপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৭টার দিকে অটোবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় এনামুল। সে বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজতে থাকে পরিবারের লোকজন।

মঙ্গলবার সকালে রাজিবপুর স্লুইসগেট নামক স্থানে পরিত্যক্ত জমিতে অচেতন অবস্থায় পড়ে থাকা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোঘণা করেন। খবর পেয়ে রাজিবপুর থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা খাতুন বলেন, আমার স্বামী গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

মঙ্গলবার সকালের দিকে আমাকে রাজিবপুর থানার পুলিশ ফোন করে তার মৃত্যুর খবরটি জানান। আমার স্বামী কম্পানির মালামাল বহন করতেন।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং হাসপাতাল থেকে অটোবাইক মালিক ও চালক এনামুলের লাশ উদ্ধার করি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

আসামি শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্যা/ভ/ম