শিরোনাম
Passenger Voice | ১২:২৮ পিএম, ২০২৪-০১-২৭
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোরিকশা চালক মো. মামুনের (২০) মরদেহ সুপারি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকীপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন বেগমগঞ্জ উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাকীপুর গ্রামের মো. কবিরের ছেলে।
স্থানীয় বাসিন্দা জয় ভূঁইয়া বলেন, ২২ তারিখ মামুন তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। এরপর ২৩ তারিখ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে শুক্রবার সকালে সুপারি বাগানে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে নিখোঁজের দিন অটোরিকশা চালককে বাগানের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত