শিরোনাম
Passenger Voice | ০৩:৫২ পিএম, ২০২৪-০১-২৪
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোচালক হত্যা মামলায় আপন দুই ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল (২৯), আকরাম মোল্লা (২১), হাসান (২২) ও রাজেন (২৪)। তাঁদের মধ্যে রুবেল ও রাজন আপন ভাই।
এ ছাড়া আসামি আকরাম হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। মামলায় সবুজ শেখ নামে একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ররাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. সিরাজুল ইসলাম পল্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্তরা যাত্রীবেশে লৌহজং উপজেলায় অটোচালক মো. আশরাফুল ইসলামের (৩০) অটোরিকশায় ওঠে। এরপর তাঁকে উপজেলার কারপাশা গ্রামে নিয়ে যায়। সেখানে আশরাফুলের গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আসামিরা আশরাফুলের গলা কাটার পর তাঁকে মৃত ভেবে ফেলে রেখে যায়।
এ সময় আশরাফুল মাটিতে দুইজনের নাম লিখে যান। পুলিশ ওই নামের সূত্র ধরে হত্যায় সরাসরি জড়িত রুবেল, আকরাম মোল্লা, হাসান ও রাজেনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ছিনতাই হওয়া অটোরিকশাটি কেনা-বেচায় জড়িত থাকায় আমির বেপারী (৪০), ইমরান ওরফে তোফায়েল (৪০), সবুজ শেখ (৩০) ও কাজল শেখকে (৩১) গ্রেপ্তার করে। পরে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাত্র ১০ মাসের মধ্যে দ্রুততার সঙ্গে মামলাটি শেষ করে আজ চার আসামিকে ফাঁসির আদেশ দেন বিচারক।
এতে আমরা সন্তুষ্ট। এভাবে যদি সব মামলা দ্রুত শেষ করা যায়, তবে অদালতের প্রতি ভুক্তভোগীর আস্থা আরো বাড়বে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত