শিরোনাম
Passenger Voice | ০৫:১৯ পিএম, ২০২৪-০১-২২
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদফতর পরিদর্শনে গিয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সচিবালয় মেট্রোস্টেশন থেকে মেট্রোরেলে চড়ে আগারগাঁও স্টেশনে নেমে পরিবেশ অধিদফতর কার্যালয়ে যান তিনি।
মেট্রোরেলে ভ্রমণকালে যাত্রীদের সঙ্গে কথা বলেন পরিবেশমন্ত্রী। পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারে জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পরিবহন মালিকরা পরিবেশবান্ধব পরিবহন পরিচালনা করলে বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হবে।’
পরিবেশ অধিদফতর পরিদর্শন শেষে অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ সদর দফতর ও মাঠ পর্যায়ের সব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনগণকে ঝামেলামুক্তভাবে সেবা দিতে কর্মকর্তদের প্রতি নির্দেশ দেন। তিনি বলেন, ‘সব ধরনের দুর্নীতিমুক্ত থেকে আইন, বিধিবিধান অনুযায়ী সরকারি কর্মকাণ্ড সম্পাদন করতে হবে।’
মেট্রোরেলে ভ্রমণের সময় অন্যান্যের মধ্যে ছিলেন– পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত