শিরোনাম
Passenger Voice | ০১:১২ পিএম, ২০২৪-০১-২২
পুলিশ ও কলেজ প্রশাসনের মধ্যস্থতায় আটকে রাখা পাঁচটি বাসের মধ্যে তিনটি বাস ছেড়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বাকি দুটি বাস নেওয়া হয়েছে নিউমার্কেট থানায়। অভিযোগের বিষয়ে বিকেলে সেখানেই আলোচনায় বসবে শিক্ষার্থী, বাস মালিক ও পুলিশ– তিন পক্ষ।
সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা কলেজের পরিবহন ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য আনোয়ার মাহমুদ।
তিনি বলেন, সকালে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং হাফ পাস না নেওয়ার অভিযোগে বিকাশ ও ভিআইপি পরিবহনের পাঁচটি বাস আটকে রেখেছিলেন কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি আমরা জানার পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। এর মধ্যে নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তাসহ এখানকার ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও এসেছিলেন। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। সেজন্য বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
আনোয়ার মাহমুদ বলেন, আটক পাঁচটি বাসের মধ্যে শিক্ষার্থীদের বুঝিয়ে তিনটি বাস ছেড়ে দেওয়া হয়েছে। দুটি বাস নেওয়া হয়েছে নিউমার্কেট থানায়। দুপুর আড়াইটায় মালিকপক্ষের সঙ্গে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের অভিযোগগুলো নিয়ে আলোচনা করা হবে। সেখানেই বিষয়টির সমাধান করা হবে।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বাসের চালক ও সহকারীর একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এর জেরে শিক্ষার্থীরা পাঁচটি বাস আটকে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। সেখানে শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দুটি বাস থানায় আনা হয়েছে। দুপুর আড়াইটায় মালিকপক্ষসহ বসে আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সকালে শিক্ষার্থী দেখলেই বাসের দরজা বন্ধ করে দেওয়া ও হাফ পাস না নেওয়ার অভিযোগে মিরপুর রোড থেকে দুটি কোম্পানির পাঁচটি বাস আটকে কলেজের পাশের নায়েমের গলিতে নিয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে বিকাশ পরিবহনের দুটি গাড়ি ও ভিআইপি সিটি সার্ভিসের তিনটি গাড়ি ছিল।
বিকাশ পরিবহনের গাড়ি দুটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৩০৬৫৮, ১৩-১০৩১ এবং ভিআইপি সিটি সার্ভিসের তিনটি গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব ১২০৩৯৪, ১১-৭১৪১, ১১-৮২১৬।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত