রোজায় ব্যবহৃত ৮ পণ্যের সরবারহ বাড়াতে আমদানির শর্ত শিথিল

Passenger Voice    |    ১১:২৪ এএম, ২০২৪-০১-১৮


রোজায় ব্যবহৃত ৮ পণ্যের সরবারহ বাড়াতে আমদানির শর্ত শিথিল

পবিত্র রমজান মাস সামনে রেখে পেঁয়াজ, তেল, ছোলা, খেজুরসহ ৮ পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন নূণ্যতম রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

দেশের বাজারে উল্লিখিত পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার প্রদানের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মূলত, পবিত্র রমজানে ভোগ্যপণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমদানি সহজ করতে এই নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনা আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক আগামী পবিত্র রমজান মাস উপলক্ষে এ জাতীয় ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এসব পণ্যের আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।

প্যা/ভ/ম