বাবার দাফন শেষে ফেরার পথে ট্রেনের আগুনে পুড়ে মৃত্যু

Passenger Voice    |    ০৪:৪৯ পিএম, ২০২৪-০১-০৬


বাবার দাফন শেষে ফেরার পথে ট্রেনের আগুনে পুড়ে মৃত্যু

বাবা সাইদুর রহমান বাবুর মৃত্যুতে ৫ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে রাজবাড়ী সদরের লক্ষ্মীকোল গ্রামের বাড়িতে এসেছিলেন এলিনা ইয়াসমিন। দাফন শেষে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভাই-ভাবির সঙ্গে সন্তানকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। পথে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন তিনি।

এলিনা মিরপুর ৬০ ফিটের বাসিন্দা সৈয়দ সাজ্জাদ হোসেনের স্ত্রী।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলিনা ইয়াসমিনসহ আগুনে পুড়ে চারজন মারা যান।

এলিনা ইয়াসমিনের ভাসুর মুরাদ হোসেন বলেন, ১০ দিন আগে এলিনার বাবা মারা যান। এ জন্য সে ছেলেকে নিয়ে বাবার বাড়ি যায়। সেখান থেকে গতকাল শুক্রবার তার ভাই মো. মামুন ও ভাবির সঙ্গে ফিরছিলেন এলিনা। ট্রেনে আগুন লাগার পর এলিনার সন্তানকে নিয়ে তার ভাই-ভাবি বের হতে পারলেও পুড়ে মারা যায় এলিনা।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেতাফুর রহমান বলেন, মরদেহ চারটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। প্রাথমিকভাবে দেখে এদের মধ্যে একজন পুরুষ, একজন শিশু, একজনকে নারী হিসেবে শনাক্ত করা গেছে। বাকি একজন পুরুষ না কি নারী, তা দেখে বোঝার উপায় নেই। রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো মর্গে রাখা হয়। 

প্যা.ভ/ত