শিরোনাম
Passenger Voice | ০৫:৩২ পিএম, ২০২৩-১২-৩০
নাটোরের নলডাঙ্গায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি মাস্টার চাবি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নলডাঙ্গা থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরআগে শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় পুলিশের একটি
চৌকস টিমের সমন্বয়ে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেক পোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জেলার নলডাঙ্গা উপজেলার হলুদঘর গ্রামের মো. সাইদুল ইসলাম কাজীর ছেলে মো. আবির ইসলাম (আবিদ) ও রবিউল (১৯) ও রুহুল আমীন (১৮), একই গ্রামের রাজু আহমেদের ছেলে শাকিল আহম্মেদ জীম (১৯) ও বগুড়ার আদমদিঘী উপজেলার মালসন গ্রামের মোস্তফার ছেলে মো. মোতালেব (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিদের স্থায়ী ঠিকানায় খোঁজ খবর নিয়ে জানা যায়, তারা আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। সংশ্লিষ্ট খানায় খোঁজ নিয়ে চোর চক্রের এক সদস্যের নামে একাধিক চুরি মামলা তথ্য পাওয়া যায়। আটককৃত চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে জানায় যে, তারা নাটোর জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত রয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, আটককৃতদের মধ্যে মো. আবির ইসলামের (আবিদ) নামে জয়পুরহাট, আদমদীঘি থানায় একাধিক চুরি মামলা রয়েছে। ওসি বলেন, জিজ্ঞাসাবাদ ও মামলা রুজু শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত