শিরোনাম
Passenger Voice | ০১:০২ পিএম, ২০২৩-১২-২৭
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া সিলেটে বাবা-ছেলেসহ রাজধানীর খিলগাঁও এবং পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল: গতকাল দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। একই সময় ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালিবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। অন্যদিকে পালিমা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের চাটিপাড়ায় বাসটি সিএনজি অটোরিকশাকে অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন—ভূঞাপুর উপজেলার ঘাটান্দির মৃত মেছের আলীর স্ত্রী হীরামন বেগম (৬৫) ও কালিহাতী উপজেলার তারাবাড়ীর সোহেল রানার ছেলে আব্দুল্লাহ মিয়া (২০)।
সিলেট: দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে সন্তানসহ এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে হুমায়ুন রশিদ চত্বরের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তালহা বিন তৌহিদ চৌধুরী। এ ঘটনায় তৌহিদের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। তৌহিদ নর্থইস্ট মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের চিকিৎসক ছিলেন।
পিরোজপুর: নাজিরপুরে নিজ গাড়িচাপায় মো. কালাম হাওলাদার (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারসংলগ্ন বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাম হাওলাদার জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে কালাম তার গাড়িতে পান নিয়ে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় একটি কুকুর দৌড়ে এসে অটোরিকশার নিচে পড়ে। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং নিজ গাড়ির নিচে চাপা পড়েন তিনি।
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় পিকআপের ধাক্কায় মো. মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ময়মনসিংহ: নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের বাসটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত