শিরোনাম
Passenger Voice | ০৪:০২ পিএম, ২০২৩-১২-২০
সেরা করদাতা হিসেবে ২০২২-২৩ করবর্ষে ট্যাক্স কার্ড পেয়েছে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ট্যাক্স কার্ড পেয়েছে পাঁচটি ব্যাংক।
বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় ট্যাক্স কার্ড সম্মাননা প্রদান করে।
সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাওয়া ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক- বাংলাদেশ ব্রাঞ্চ, ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে ৭৬ ব্যক্তি, ৫৪ প্রতিষ্ঠান ও ১১টি অন্যান্য ক্যাটাগরিতে এসব ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও ট্যাক্স কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়েরুজ্জামান মজুমদার।
সেরা করদাতা ‘ট্যাক্স কার্ড’ পেলেন যারা
গেজেটে এবার বিশেষ শ্রেণিভূক্ত করা হয়েছে ‘সিনিয়র সিটিজেন’। এ ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন পাঁচজন। তারা হলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, খাজা তাজমহল, ডা. মোস্তাফিজুর রহমান, ফজলুর রহমান ও আব্দুল মুক্তাদির।
ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পাবেন। যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং, নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন, আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। ট্যাক্স কার্ডের মেয়াদ হবে এক বছরের।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত