নির্বাচিত হলে হাটহাজারীর বাসস্ট্যান্ড যানজটমুক্ত করব: ব্যারিস্টার আনিস

Passenger Voice    |    ১২:৫৮ পিএম, ২০২৩-১২-২০


নির্বাচিত হলে হাটহাজারীর বাসস্ট্যান্ড যানজটমুক্ত করব: ব্যারিস্টার আনিস

চট্টগ্রাম–৫ আসনের (হাটহাজারী) সংসদ সদস্য প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি গতকাল মঙ্গলবার তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বায়েজিদ সংযোগ সড়ক থেকে প্রচারণা শুরু করে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডে মোড়ে নির্বাচনী প্রচারণা সভায় অনুষ্ঠিত হয়।

প্রচারণা সভায় তিনি বলেন, আমি দীর্ঘ ৪৫ বছর হাটহাজারীবাসীর সাথে ছিলাম এবং আছি। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার জন্য। আমি কৃতজ্ঞতা জানাতে চাই–যখনই আপনাদের কাছে এসেছি, তখনই আপনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন। আমি ৬ বার এই হাটহাজারী থেকে নির্বাচন করেছি। এবার সপ্তম বারের মতো আবারও আপনাদের কাছে এসেছি। আমি হাটহাজারীকে সন্ত্রাসমুক্ত ও শান্তির জনপদে পরিণত করেছি। এখানে খুন, রাহাজানি নেই বললেই চলে। মানুষ এখন তাদের জীবনের নিশ্চয়তা নিয়ে বাস করছেন। হাটহাজারী এখন উন্নয়নের রুল মডেল হিসেবে পরিণত হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙকে ১০০ শয্যায় উন্নত করব। আমি নির্বাচিত হলে হাটহাজারীর প্রধান সমস্যা বাসস্ট্যান্ডের যানজট নিরসনে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা ব্যয়ের মাধ্যমে ফ্লাইওভার নির্মাণ করে যানজট মুক্ত করব ইনশাআল্লাহ।

ব্যারিস্টার আনিস বলেন, এবার বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন করব। এই নির্বাচনে মানুষ তার ভোটের অধিকার যাতে প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা করা হবে। এবার কোনো ভোট ছিনতাই, ভোট জালিয়াতি, ভোটকেন্দ্র দখল এগুলো করতে দেব না। আমরা জাতিকে একটি সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব।

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনুস গণি চৌধুরী, মনজুরুল ইসলাম চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল আলম, আলী আজম চৌধুরী, গিয়াস উদ্দিন, শাহেদ প্রমুখ।

প্যা/ভ/ম