শিরোনাম
Passenger Voice | ১১:০০ এএম, ২০২৩-১২-১৬
জয়পুরহাটে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ওই বগির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জয়পুরহাট রেলস্টেশন ও রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশনের দিকে ছেড়ে যায়। চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন জ্বলতে থাকে। ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ে ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জয়পুরহাট রেলওয়ের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে আসে। আগুনে দু-একটি আসন পুড়ে গেছে। রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। পরে ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
ওসি মুক্তার হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত