শিরোনাম
Passenger Voice | ০৩:৩৫ পিএম, ২০২৩-১২-১৪
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন অতিক্রম করার সময় নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তাদের একজন রিকশা এবং অটোভ্যান চালক ছিলেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার সল্লা ও হাতিয়ার পৃথক দুইটি লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৬) এবং একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)। দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যান চালক ও সামছুল রিকশা চালক।
স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় লেভেলক্রসিং অতিক্রম করছিলেন। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তারা। পরে স্বজনরা খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল রিপোর্ট ও আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত