মা হচ্ছেন শুভশ্রী

Entertainment desk    |    ১১:৪৯ এএম, ২০২০-০৫-১২


মা হচ্ছেন শুভশ্রী

করোনার এই দুঃসময়ের মধ্যে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী সুখবর দিলেন তিনি মা হচ্ছেন। গতকাল টুইটারে এই সুসংবাদটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এদিন আবার ছিল তার বিবাহবার্ষিকীও। সকালেই ছবিসহ শুভশ্রী টুইট করেন। লিখেছেন, ‘দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে খুব আনন্দের সঙ্গে সুখবর জানাচ্ছিÑ আমাদের জীবনে আরও একজোড়া হাত আসছে, ধরার জন্য। আসছে আরও একটা হৃদয়, ভালোবাসার জন্য। আমি অন্তঃসত্ত্বা!’ স্বামী ও চিত্রপরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ছবিটি শেয়ার করেছেন শুভশ্রী। তাদের পরনের টিশার্টেও সন্তান আগমনের বার্তা স্পষ্ট। জানান, ২০২০ সালেই এটা ঘটতে যাচ্ছে।

রাজের পরা টি-শার্টে লেখা ‘ড্যাড টু বি’ অর্থাৎ ‘হবু পিতা’। আর শুভশ্রীর টি-শার্টে লেখা, ‘দিস গার্ল ইজ গোয়িং টু বি অ্যা মাম্মি’ অর্থাৎ ‘এই মেয়েটি মা হতে যাচ্ছে’। সহজেই বোঝা যাচ্ছে, সন্তানের আগমন নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই তারকা জুটি। শুধু টুইটারই নয়, ইনস্টাগ্রাম ও ফেসবুকেও এই সুখবর জানিয়েছেন তিনি। খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া ভেসে গেছে শুভেচ্ছাবার্তায়।