বিশিষ্ট পাঁচ নারীর হাতে ‘বেগম রোকেয়া পদক’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

Passenger Voice    |    ১১:৩৭ এএম, ২০২৩-১২-০৯


বিশিষ্ট পাঁচ নারীর হাতে ‘বেগম রোকেয়া পদক’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা পদক দেন তিনি।

বেগম রোকেয়া পদকে ভূষিত পাঁচজন বিশিষ্ট নারী হচ্ছেন- নারী শিক্ষায় অবদান রাখায় ঢাকা জেলা থেকে মরণোত্তর পদক পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম, নারী অধিকার প্রতিষ্ঠায় রংপুর জেলার ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে মরণোত্তর পদক পেয়েছেন নেত্রকোণা জেলার কামরুন্নেছা আশরাফ দিনা, নারী জাগরণে উদ্বুদ্ধকরণে লক্ষ্মীপুর জেলার নিশাত মজুমদার এবং পল্লী উন্নয়নে ঠাকুরগাঁও জেলার রনিতা বালা।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

'নারী জাগরণের অগ্রদূত' রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন।

১৯৩২ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া কলকাতায় মৃত্যুবরণ করেন। নারী জাগরণে তার অবদানকে অবিস্মরণীয় করে রাখতে মৃত্যু দিবসে দেওয়া হয় বেগম রোকেয়া পদক। নারী কল্যাণ সংস্থা ১৯৯১ সাল থেকে এই নামের একটি পদক প্রদান করা শুরু করে। সরকারিভাবে ১৯৯৬ সাল থেকে এই পদক প্রদান করা হয়।

পুরস্কৃত প্রত্যেককে এককালীন চার লাখ টাকা, ১৮ ক্যারেট মানের পঁচিশ গ্রাম ওজনের একটি স্বর্ণ পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।