সিলেটে প্রাইভেটকারে করে গরু চুরি, আটক ৫

Passenger Voice    |    ১১:১৫ এএম, ২০২৩-১২-০৯


সিলেটে প্রাইভেটকারে করে গরু চুরি, আটক ৫

সিলেটের কোম্পানীগঞ্জে প্রাইভেটকারে করে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে পাঁচ চোর আটক হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায় এ ঘটনা ঘটেছে।কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ ব্যক্তি একটি প্রাইভেটকারের ভেতরে দুইটি গরু নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। দুপুর ২টার দিকে বর্নি এলাকায় তারা গাড়ি থেকে গরু নামায়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাদের আটক করে। পরে পুলিশ প্রাইভেটকারসহ আটককৃতদের থানায় নিয়ে যায়।

আটককৃত পাঁচজন হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসগাঁও গ্রামের মৃত হারিছ আলীর ছেলে সানুর আলী, সাউদপুর গ্রামের ফজল মিয়ার ছেলে রুয়েল আহমদ, সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম তিলাপাড়ার মহিব উল্লার ছেলে নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের মনির উদ্দিনের ছেলে শামসুদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে প্রাইভেটকারে করে গরু চুরি করে আসছিল। শুক্রবার চুরি করা দুইটি গরু গাড়িতে করে কোম্পানীগঞ্জে আসার পথে তারা ধরা পড়ে।

তিনি আরও বলেন, আটক চোরদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্যা/ভ/ম