বাবাকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে সড়কে ছেলের মৃত্যু, আহত ৭

Passenger Voice    |    ০২:২৫ পিএম, ২০২৩-১২-০৭


বাবাকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে সড়কে ছেলের মৃত্যু, আহত ৭

প্রবাসী বাবাকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছেলে মো. সাইফুল ইসলাম সাকিবের (১৯) মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাবাসহ পরিবারের আরো ৭ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত তরুণ মো. সাইফুল ইসলাম সাকিব (১৯) দেবীদ্বার উপজেলার গৌরসার গ্রামের গেদু সরকারের বাড়ির সৌদি প্রবাসী মো. শহীদুল ইসলাম সরকারের ছেলে। তিনি চলতি বছর এলাহাবাদ আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।

স্বজনরা জানায়, দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি প্রবাসী বাবাকে নিয়ে বাড়ি আসার পথে ডেমরা এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সাইফুল ইসলাম সাকিব (১৯), তার বাবা প্রবাসী মো. শহীদুল ইসলাম (৪৫), ভাই মো. সাকিম (১০), খালু মো. মামুনুর রশিদ (৩০), ফুফাতো ভাই নাজমুল (২৪), হাসান (২৬), এবং মাইক্রো চালক আল আমিন সোহাগ (৩২)-সহ ৮ জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মুমূর্ষুবস্থায় সাইফুল ইসলাম সাকিব, মাইক্রো চালক আল আমিন সোহাগ ও প্রবাসী মো. শহীদুল ইসলামকে আইসিইউতে রাখা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৫টায় সাইফুল ইসলাম সাকিব মৃত্যুবরণ করেন।

সাইফুল ইসলাম সাকিবের মামা দেবীদ্বার ফারিয়ার সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, তার ভগ্নীপতি মো. শহীদুল ইসলাম প্রায় ১৮/১৯ বছর সৌদী আরব প্রবাসে থাকেন। মঙ্গলবার বিকেলে দেশে আসেন, আসার পথে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা চালকসহ ৮ জনই আহত হন। আহতদের মধ্যে তার বড় ভাগিনা সাইফুল ইসলাম সাকিব বুধবার সন্ধ্যায় মারা যান। তার মরদেহ নিয়ে গতকাল রাতেই বাড়ি গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জানাযা হবে।

আহতদের মধ্যে ভগ্নীপতি শহীদুল ও চালক আল আমিনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সকলে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্যা/ভ/ম