ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Passenger Voice    |    ১২:১২ পিএম, ২০২৩-১২-০৬


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বিরোধী জোটের ডাকা দশম দফা অবরোধের প্রথম দিনে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন বেশি। জীবিকার তাগিদে স্বাভাবিক হয়ে আসছে অবরোধ।

আজ বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার, স্টেশন রোড, মিলগেট, কলেজ গেট, হোসেন মার্কেট, চেরাগআলী এবং টঙ্গী- কালিগঞ্জ সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়ক মহাসড়কে গণপরিবহন অনেক কিন্তু যাত্রী স্বাভাবিক দিনের চেয়ে তুলনামূলকভাবে কম। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী বাড়ছে।

স্টেশন রোডের ঢাকাগামী যাত্রী ইকরাম বলেন, ‘অবরোধ তো এখন সব সময়ই থাকে। এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে।’

ঢাকাগামী সাতাইশ পরিবহনের চালক সিয়াম হোসেন বলেন, ‘ভয়ের সাথেই চলতে হয়। অবরোধের জন্য ঘরে বসে থাকলে খাব কি?’

আব্দুল্লাহপুর মূল পয়েন্টের এনা পরিবহনের ম্যানেজার মো. হান্নান বলেন, ‘যাত্রীর সংকটে দূরপাল্লার গাড়ি কম যেতে পারছে। তবে আস্তে আস্তে অবরোধ স্বাভাবিক হয়ে আসছে।’

টঙ্গী স্টেশন রোডে কর্তব্যরত জিএমপির ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) মোমিন আলী বলেন, ‘যানবাহন চলাচল স্বাভাবিক। নিরাপত্তা পর্যাপ্ত থাকায় মানুষ গাড়ি বেশি বের করছে।


প্যা/ভ/ম