দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

Passenger Voice    |    ০১:০০ পিএম, ২০২৩-১২-০৫


দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে মধ্যরাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে।

এইচএ প্লাস নামের ওই বাসের মালিক ভূষিরবন্দর এলাকার আনোয়ার হোসেন। গাড়িচালকের সহকারী অমল দাস জানান, টার্মিনালে রাতে গাড়ি ধোয়ামোছার কাজ করছিলেন তিনি। রাত ১টা ৪০ মিনিটে যাবতীয় কাজ শেষ করে রাস্তার বিপরীত পাশে একটি হোটেলে খাবার খেতে যান। খাওয়া শেষ হতে না হতেই একজন এসে জানান, টার্মিনালের উত্তর পাশে একটি গাড়িতে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, তাঁর বাসেই আগুন জ্বলছে। প্রথমে টার্মিনালে থাকা পাম্পের পানি দিয়ে লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসচালক ভোলানাথ দাস জানান, গতকাল রাত সাড়ে ৮টায় টার্মিনালে বাস রেখে বাড়িতে যান তিনি। পরে রাতে শুনতে পান, বাসে আগুন লেগেছে। ইঞ্জিনের কতটুকু ক্ষতি হয়েছে, বলা যাচ্ছে না। তবে ভেতরের সবকিছু পুড়ে গেছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন বলেন, গাড়ি পোড়ানোর ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
উল্লেখ্য, দিনাজপুরে আট দিনের ব্যবধানে দুটি ট্রাক ও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।


প্যা/ভ/ম