শিরোনাম
Passenger Voice | ১২:৪৮ পিএম, ২০২৩-১২-০৪
বিএনপির ডাকা নবম দফার অবরোধ কর্মসূচির প্রথমদিনে পণ্যবাহী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করে। তাৎক্ষণিক এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (৩ ডিসেম্বর) বিকেলে ফেনীর বড় বাজারের তাকিয়া রোডে পণ্য পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকা এসব গাড়িতে ভাঙচুর চালানো হয়। এর আগে দুপুরে শহরের সেন্ট্রাল হাইস্কুলের সামনে ৪টি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল ৪টার দিকে অবরোধের সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়৷ মিছিল থেকে হঠাৎ কয়েকজন নেতাকর্মী পণ্য পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকা অন্তত ২০টি গাড়িতে ভাঙচুর চালায়।
আমজাদুর রহমান নামে এক চালক বলেন, এখান থেকে পণ্য পরিবহনের জন্য দোকানের সামনে গাড়ি পার্কিং করেছিলাম। একটি মিছিল নিয়ে যাওয়ার সময় শেষের দিকে থাকা কিছু নেতাকর্মী হঠাৎ আমাদের গাড়িতে ভাঙচুর চালায়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, অবরোধের সমর্থনে আমাদের শান্তিপূর্ণ মিছিলের শেষে কে বা কারা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় আমাদের দলের কোনো নেতাকর্মী জড়িত নয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধের সমর্থনে ছাত্রদলের একটি মিছিল থেকে সেন্ট্রাল হাইস্কুলের পাশে দাঁড়িয়ে থাকা দুটি ইমা গাড়ি, একটি পিকআপ ও তিনটি অটোরিকশা ভাঙচুর করে। এতে ১০ জন আহত হন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত