শিরোনাম
Passenger Voice | ০৩:৪৮ পিএম, ২০২৩-১২-০৩
ফেনীতে বিএনপির ডাকা নবম দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ১০ জন আহত হয়েছেন।
রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন ও তাকিয়া রোডে এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১২টার দিকে অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে কয়েকজন এসে হঠাৎ সেন্ট্রাল হাই স্কুলের পাশে দাঁড়িয়ে থাকা দুটি ইমা গাড়ি, একটি পিকআপ ও তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এতে চালকসহ ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এর আগে শহরের তাকিয়া রোডে অবরোধের সমর্থনে জেলা ছাত্রদলের একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত