শিরোনাম
Passenger Voice | ১১:০৫ এএম, ২০২৩-১২-০৩
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আগের রাতে কয়েক মিনিটের ব্যবধানে রাজধানী ঢাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাতে সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল, আগারগাঁও ও মিরপুরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতী টোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে, রাত ১১টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহন নামের একটি বাসে, মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসির একটি দোতলা বাসে এবং রাত সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। তবে আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহন ও গাবতলীর বাস টার্মিনালে পদ্মা লাইন পরিবহনের বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ করাতী টোলা স্কুলের পেছনে আসমানী পরিবহনের একটি বাসে আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাসের ভেতরের সবগুলো সিট পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, কোনো যাত্রী হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ রবিবার ভোর ৬টা থেকে। এ অবরোধ চলবে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এ নিয়ে নবম দফার অবরোধ শুরু হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত