শিরোনাম
Passenger Voice | ০১:১২ পিএম, ২০২৩-১১-২৬
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রভাব কম পড়তে দেখা গেছে। সড়কে বাড়ছে যানবাহনের চাপ। সীমিত আকারে চলছে দূরপাল্লার গণপরিবহন।
রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় বেশি। দূরপাল্লার যানবাহন সীমিত আকারে চলাচল করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, স্টেশন রোড, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, গাজীপুরাসহ সব বাসস্ট্যান্ডে যাত্রীদের স্বাভাবিক ভিড় ছিল। টঙ্গী-কালীগঞ্জ সড়কে যানবাহন চলাচল করছে।
গাজীপুরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী আলী হোসেন বলেন, আজকে সড়কে অনেক যানবাহন। অবরোধ মনে হচ্ছে না। মানুষ হরতাল-অবরোধকে আর ভয় পাচ্ছে না।
এদিকে অবরোধের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ ৫৯টি রুটের মধ্যে অধিকাংশ রুটে দূরপাল্লার যানবাহন সীমিত আকারে চলাচল শুরু হয়েছে। ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর, ঢাকা-বরিশাল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজারসহ সব দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে।
আব্দুল্লাহপুর এলাকায় যাত্রী মহিবুল ইসলাম বলেন, টিকিট নিয়েছি সিলেটে যাওয়ার জন্য। সিলেটের গাড়ি চলছে, তবে কিছুটা কম।
গাজীপুর মেট্রোলিটন পুলিশের (ট্রাফিক দক্ষিণ) উপ কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, দূরপাল্লার বাস চলাচল সীমিত আকারে শুরু হয়েছে। ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত