শিরোনাম
Passenger Voice | ০৩:৫৭ পিএম, ২০২৩-১১-২২
ঢাকা থেকে কক্সবাজার রুটের ট্রেনটির নাম ‘কক্সবাজার এক্সপ্রেস’ রাখা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এ ট্রেন। তবে বিরতিহীন হলেও চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেন চালু না হওয়া পর্যন্ত নতুন ট্রেনে ভ্রমণ করতে পারবেন চট্টগ্রামের যাত্রীরা। কোরিয়া থেকে আমদানি করা লাল-সবুজের ১৬টি অত্যাধুনিক কোচের সমন্বয়ে ট্রেনটি সাজানো হয়েছে।
গতকাল বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এক বিজ্ঞপ্তিতে ট্রেন চলাচলের নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি ৮১৪ ও কক্সবাজার থেকে ঢাকাগামী ফিরতি ফিরতি ট্রেনটি ৮১৩ নম্বরে চলাচল করবে। ৮১৪ সোমবার ও ৮১৩ ট্রেনের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। এতে ৭৮০টি সিট থাকবে। জানা গেছে, নতুন এ ট্রেনে সর্বনিম্ন ভাড়া ঢাকা থেকে কক্সবাজার ৫০৫ টাকা ও চট্টগ্রাম থেকে ১৬০ টাকা এবং এসি চেয়ারে ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া ৯৬০ টাকা, চট্টগ্রাম থেকে ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, প্রথমে সরাসরি ঢাকা-কক্সবাজার রুটে চলাচলের সিদ্ধান্ত ছিল। কিন্তু চট্টগ্রামের যাত্রীদের কথা বিবেচনা করে আপাতত চট্টগ্রামেও যাত্রী ওঠানামা হবে। চট্টগ্রাম থেকে সরাসরি চালু হলে তখন হয়তো এ সুবিধা থাকবে না।
অপেক্ষা বাড়ল টিকিটের : রেলওয়ের নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু ঢাকা-কক্সবাজার রুটের প্রথম ট্রেনের টিকিট গতকাল থেকে বিক্রির ঘোষণা দিলেও তা সম্ভব হয়নি। কর্মকর্তারা জানান, গতকাল টিকিটের দাম নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সেটি রেল ভবন থেকে সংশ্লিষ্ট বিভাগে এবং অনলাইন সেবাদানকারী সহজকে আদেশ দেওয়া হবে। এরপর সহজ অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করবে। আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার টিকিট কাটা যাবে।
জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস কমলাপুর থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজারে পৌঁছবে ভোর ৬টা ৪০ মিনিটে। আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে কমলাপুর স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত