একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

Passenger Voice    |    ০৪:২৫ পিএম, ২০২৩-১১-১৩


একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা বিরোধী দলের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হতে যাচ্ছে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়। এ কর্মসূচি শেষ হলে একদিনের বিরতি দিয়ে দাবি আদায়ে আরও ৪৮ ঘণ্টা অবরোধ চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো।

বিএনপিসহ বিরোধী দলের নেতারা বলছেন, চলতি সপ্তাহ অবরোধ কর্মসূচি চালিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে মঙ্গলবার কর্মসূচিতে বিরতি দিয়ে বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬ পর্যন্ত আরও ৪৮ ঘণ্টা কর্মসূচি দেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন (ইসি) যদি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে কর্মসূচির ধরনে পরিবর্তন আনা হবে। সেক্ষেত্রে যুগপৎ আন্দোলনে থাকা ৩৬টি দলের বাইরে যেসব দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না, তাদের সঙ্গে সমন্বয়ক রেখে নতুন কর্মসূচি দেওয়া হবে। এক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পরের দিন থেকে হরতালের কর্মসূচি দেওয়া প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলোর।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নতুন কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। বিকেলের মধ্যে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে।