আব্দুল্লাহপুরে গাড়িতে আগুন দেয়ার সময় গ্রেফতার ১

Passenger Voice    |    ১২:১৪ পিএম, ২০২৩-১১-১৩


আব্দুল্লাহপুরে গাড়িতে আগুন দেয়ার সময় গ্রেফতার ১

রাজধানীর অন্যতম প্রবেশপথ আব্দুল্লাহপুরে গাড়িতে আগুন দেয়ার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানায় র‌্যাব।

ওই বার্তায় বলা হয়, গাড়িতে আগুন দেয়ার সময় একজন নাশকতাকারীকে আব্দুল্লাহপুর এলাকায় হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১।

প্রথমে গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় উল্লেখ করেনি র‌্যাব। পরে অন্য এক বার্তায় বলা হয়, তার নাম মামুন মজুমদার (৩৫)। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।

এদিকে আজ পালিত হচ্ছে সারাদেশে বিএনপির ডাকা চতুর্থ দফার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন। এদিন গতকালের তুলনায় রাজধানীতে গণপরিবহন চলাচল বেড়েছে। কিন্তু যাত্রী সংকটে চলছে না দূরপাল্লার বাস। টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ গতকাল রোববার ভোরে শুরু হয়েছে, চলবে আগামীকাল মঙ্গলবার ভোর পর্যন্ত।