শিরোনাম
Passenger Voice | ১১:০০ এএম, ২০২৩-১১-১২
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধ শুরুর পূর্বে রাজধানীর আরামবাগ, গাবতলী, গুলিস্তান, কাফরুল ও যাত্রাবাড়িতে পাঁচটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এছাড়া ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে।
এদিকে, গাবতলী বাসস্ট্যান্ডের সামনে আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গুলিস্তানে রাত ৯টার দিকে সেখানে আহাদ পুলিশবক্সের সামনে সময় নিয়ন্ত্রণ নামের একটি পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে যাত্রাবাড়িতেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার ও ফায়ার সার্ভিস সদর দপ্তরের কনট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীতে পাঁচটি বাসে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পাঁচটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।
অপরদিকে, ডিএমপির তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব বিশ্বাস জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ফার্মব্রিজ সুপার মার্কটের ছাদ বা বারান্দা থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে তদন্ত চলছে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত