শিরোনাম
Passenger Voice | ০৫:১২ পিএম, ২০২৩-১১-১১
বন্দরনগরী চট্টগ্রামের প্রথম ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বার খুলে যাচ্ছে। আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম পতেঙ্গা বিমানবন্দর থেকে নগরীর টাইগারপাস পর্যন্ত এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মাধ্যমে চট্টগ্রাম নগরী থেকে বিমানবন্দর পর্যন্ত দেড় থেকে দুই ঘণ্টার সড়কপথ অতিক্রম করা যাবে মাত্র ২০ মিনিটে।
এলিভেটড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, আগামী ১৪ নভেম্বর চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বার খুলে যাচ্ছে। ওই দিন চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে টাইগারপাস পর্যন্ত এক্সপ্রেসওয়ের একাংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন। এক্সপ্রেসওয়ের লালখান বাজার থেকে টাইগারপাস অংশের কাজ শেষ না হওয়ায় এটি এখনই খুলে দেওয়া হচ্ছে না।
এখন পর্যন্ত প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, ২০২৪ সালের জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ সমাপ্ত করা যাবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে গৃহীত প্রকল্পে নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত চট্টগ্রাম ১৬ কিলোমিটার দীর্ঘ এবং ১৬ দশমিট ৫ মিটার প্রশস্ত চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় ২০১৯ সালে। ২০২২ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও নানা জটিলতায় কাজ এগুতে না পারায় দুই দফা সময় বৃদ্ধি করে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। ৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ ইতোমধ্যে ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।
এক্সপ্রেসওয়ের দুই পাশে নগরীর বিভিন্ন মোড়ে ১৪টি র্যাম্প বসানোর কাজ অবশিষ্ট রেখেই ১৪ নভেম্বরে এই প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। র্যাম্প ছাড়া উদ্বোধন হলেও চট্টগ্রাম নগরী থেকে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই চট্টগ্রাম বিমানবন্দর অথবা পতেঙ্গা পৌঁছাতে পারবেন যাত্রীরা। এছাড়া বঙ্গবন্ধু টানেলের ভেতর দিয়ে পারাপার হওয়া যানবাহন সমূহও এক্সপ্রেসওয়ের মাধ্যমে চলাচল করতে পারবে। তবে, র্যাম্প চালু না হওয়ায় নগরীর টাইগারপাস থেকে থেকে যাত্রা শুরু করে পতেঙ্গার আগে শহরের অন্য কোনো প্রান্তে যানবাহন উঠা-নামা করতে পারবে না।
এদিকে, ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়িত দুটি সড়ক প্রকল্পেরও উদ্বোধন করবেন। প্রকল্পগুলো হচ্ছে- বাকলিয়া সংযোগ সড়ক এবং বায়েজিদ-ভাটিয়ারী সংযোগ সড়ক। এই দুটি সড়কে ইতোমধ্যে যান চলাচল শুরু হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত