অবরোধের সমর্থনে ঢাকাসহ সারাদেশে বিক্ষিপ্ত মিছিল

Passenger Voice    |    ০১:০৫ পিএম, ২০২৩-১১-০৫


অবরোধের সমর্থনে ঢাকাসহ সারাদেশে বিক্ষিপ্ত মিছিল

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে দ্বিতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে অবরোধের সমর্থনে বিক্ষিপ্তভাবে মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।রবিবার সকাল থেকে এই কর্মসূচি করে আসছে দলটির নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (নুর)। তবে প্রতিটি মিছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার আগেই শেষ হয়ে যায়। এভাবেই ঢাকা ও ঢাকার বাইরে অবরোধ সমর্থনে মিছিল ও পিকেটিং চলছে। 

রাজধানী ঢাকায় নির্ধারিত সময়ে মেট্রোরেল চলাচল করছে। তবে গণপরিবহন বা প্রাইভেটকার চলাচল করলেও স্বাভাবিক দিনের তুলনায় কম।

অবরোধের সমর্থনে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এনডিএমসহ যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা জোট ও দলও নানা কর্মসূচি করছে। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি।

এদিকে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপি, জামায়াতসহ বিরোধী নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকার মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপিসহ সমমনা দলগুলো ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, গত শুক্রবার চলমান আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে মসজিদে দোয়া এবং বিভিন্ন ধর্মীয় উপাসানালয়ে প্রার্থনা করা হয়। 

অবরোধের সমর্থনে সকালে বনশ্রী এলাকায় মিছিল করছে ছাত্রদল। সংগঠনের সহ সভাপতি নাছির উদ্দীন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস ও রেহেনা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক মাহবুব শেখ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক সোহাগ ভুঁইয়া, যুগ্ম আহবায়ক ইফতেখার ফয়সাল, আরমান হোসেন বাপ্পি, সদস্য মনিরুজ্জামান টিটু, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হোসেন ও ছাত্রদল নেতা ওবায়দুল হকসহ খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে নিকুঞ্জ কুর্মিটোলা হাসপাতালের সামনে ঢাকা-গাজীপুর রোডে আগুন জ্বালিয়ে মিছিল করেছে।

এতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ঝলক মিয়া, মুহতাসিম বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ, মেহরাব মেহবুব মাহি, সুরুজ মন্ডল, জহির রায়হান আহমেদ,খাইরুল আলম সুজন, এ আর লিটন, খোরশেদ আলম লোকমান, মোহাম্মদ হোসেন মিঠুন, জাহিদ পারভেজ, আব্দুল্লাহ আল কাওসার, নুরুল্লাহ শেখ, মো নান্নু, মো আজহার, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, তানভির আল হাদি, গোলাম মোস্তফা, ওমর ফারুক মামুন, আরিফ হোাসেন, রিয়াজ হোসেন, রিয়াজুল বাপ্পি, সাজিদ হাসান, সদস্য খলিলুর রহমান সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাসিরউদ্দিন শাওন, ইমাম আল নাসের মিশুক, সাইফ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওহিদুজ্জামান তুহিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিনার ভূঁইয়া, মনছুর আলী প্রমুখ। 

এছাড়া ফেনী জেলা ছাত্রদল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুঁলিয়ে দেয় ছাত্রদল। নারায়ণগঞ্জ জেলা যুবদল এশিয়ান হাইওয়েতে অবরোধের সমর্থনে মিছিল করেছে। 

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাতে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের চট্টগ্রাম শাখার আহবায়ক, অ্যাডভোকেট আবদুস সাত্তারের বাসায় বিনা ওয়ারেন্টে ডিবি পুলিশের তল্লাশির নামে হয়রানি করেছে।