শিরোনাম
Passenger Voice | ১১:৩২ এএম, ২০২৩-১১-০৫
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার (৫ নভেম্বর) থেকে, তার আগে শনিবার সন্ধ্যার দিকে রাজধানীতে তিনটি ও রাত ১০টার দিকে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, সায়েদাবাদ ও রাত ১০টার দিকে গুলিস্তান এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটির সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক নামে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
তিনি বলেন, কাছাকাছি সময়ে সায়েদাবাদ এলাকায় আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সিদ্দিক বাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে দুইটি ইউনিট দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। রাত ১০টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।বাসটি মঞ্জিল পরিবহনের ছিল। তবে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
টানা তিন দিনের অবরোধ শেষে নতুন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়, সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল এবং রোববার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত