শিরোনাম
Passenger Voice | ০২:২৭ পিএম, ২০২৩-১০-২৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পাঁচটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন বেসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে সোমবার সকাল ৯ টায় কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারীরা।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে এবং সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেতন বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ, থানা পুলিশ কাজ করছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত