শিরোনাম
Passenger Voice | ০৪:৪৩ পিএম, ২০২৩-১০-১২
সপ্তাহের প্রথম ও শেষ কর্মদিবসে রাজধানীতে যানজট যেন নিত্যসঙ্গী। শেষ কর্মদিবসে অফিস শেষে অনেকে তড়িঘড়ি করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওয়া দেন। এ সময় সড়কে গাড়ির চাপ যেমন বাড়ে তেমনই বাড়ে যানজট। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে যানজটের মুখে পড়েছে নগরবাসী। দুপুরের পর অফিস ছুটির সময় যানজট আরও তীব্র হতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুৃুপুর ১২টার পর থেকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর শাহবাগ, বাংলামোটর, মগবাজার, পল্টনসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একই চিত্র দেখে গেছে ফার্মগেট হয়ে বিজয় সরণির দিকে। তবে গুলিস্তান, বাংলামোটর, কাওরান বাজার, ফার্মগেট, আসাদগেট, খামার বাড়ি, বিজয় সরণির দিকে সবচেয়ে বেশি যানজট সৃষ্টি হয়। সকাল থেকেই এ দিকের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকে অনেক সময় ধরে। দীর্ঘক্ষণ গাড়িতে বসে থেকে অনেকে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, সপ্তাহের শেষ কর্মদিবসে মানুষ বিভিন্ন গন্তব্যে যায়। এ জন্য যানজট তৈরি হয়। এ ছাড়া আজ ভিআইপি মুভমেন্ট থাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে।
বাসে মগবাজার থেকে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলেন জাহাঙ্গীর মিয়া নামে এক যাত্রী। বাংলামটর এসে সিগনালে দীর্ঘ সময় বাস আটকে থাকায় গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ‘এটুকু রাস্তা পার হতে যদি ঘণ্টার ওপর চলে যায় বাকি পথ যাবে কীভাবে? সিগনাল ছাড়ছে না। অনেক সময় হয়েছে গাড়ি দাঁড়িয়ে আছে।’
সেখানে যাত্রীর জন্য দাঁড়ানো পাঠাও চালক রাব্বি মিয়া বলেন, ‘যানজট সব সময়ই থাকে। আমরা মোটরসাইকেল নিয়ে শর্টকাট রাস্তায় যাওয়ার চেষ্টা করি। তবে সেটা সব সময় সম্ভব হয় না। প্রধান সড়কে জ্যাম হলে অনেক সময় এর প্রভাব অলিতে-গলিতেও পড়ে। আমরাও সহজে মুভ করতে পারি না। আজ তো সপ্তাহেরর শেষ দিন।’
গুলিস্তান থেকে ছেড়ে আসা মিরপুরগামী বিআরটিসি বাসের এক হেলপার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, এমনিতেই যাত্রীরা আমাদের ওপর খেপে থাকেন। এরপর জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। শুক্র, শনিবার বাদে সব সময় জ্যাম থাকে। বৃহস্পতিবার বিকাল জ্যাম বেশি হয়।
বাংলামটরে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা (টিআই) নিউটন বলেন, ‘সপ্তাহের শেষের দিক যানজট একটু বেশি থাকে। আজও সকাল থেকে সড়কে যানজট রয়েছে। প্রতিটি সিগনালে সময় নিতে হচ্ছে। অফিস শেষে যানজট আরও বাড়তে পারে। আমরা কাজ করছি।
এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জয়নুল আবেদীন বলেন, ‘সপ্তাহের শেষ কর্মদিবসে লোকজনের অতিরিক্ত চলাফেরার জন্য যানজট তৈরি হয়। এছাড়া আজ ভিআইপি মুভমেন্ট রয়েছে। এজন্য এক পাশে কিছুটা যানজট। তবে সড়কে যান চলাচল গতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
প্য/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত