সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় সাত মৃত্যু

Passenger Voice    |    ১০:১৭ এএম, ২০২৩-০৯-১৬


সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় সাত মৃত্যু

রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া জামালপুর, মাদারীপুর, নরসিংদী ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আরো ছয়জন নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। 

ঢাকা: বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার সবুজবাগ থেকে চারটি মোটরসাইকেলে আটজন মুন্সিগঞ্জের মাওয়ায় ইলিশ খেতে গিয়েছিল। ফেরার পথে গতকাল ভোরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ ফ্লাইওভারের ওপর পড়ে যায়। এতে রনি হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী আহত হয়। মোটরসাইকেলের চালক রনির বন্ধু ফাহিমও আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী: রায়পুরায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। গতকাল রাত পৌনে ১০টার দিকে উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন।

জামালপুর: মেলান্দহে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ মেলান্দহ পৌরসভার মাঝিপাড়া এলাকার মো. আয়নাল হকের ছেলে।

মাদারীপুর: শিবচরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রী ছাউনির সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

চুয়াডাঙ্গা: জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২৪) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরো দুই আরোহী। গতকাল দুপুরে উপজেলার উথলী-বেগমপুর সড়কের ছোটপুল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উদ্দিন দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

প্যা/ভ/ম