ট্রাকচালক আটকের প্রতিবাদে ১৯ জেলায় যমুনার সার পরিবহন ৫ ঘণ্টা বন্ধ

Passenger Voice    |    ০৩:০৩ পিএম, ২০২৩-০৯-১৫


ট্রাকচালক আটকের প্রতিবাদে ১৯ জেলায় যমুনার সার পরিবহন ৫ ঘণ্টা বন্ধ

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকচালককে আটকের প্রতিবাদে যমুনা সারকারখানা থেকে ১৯ জেলায় সার পরিবহন বন্ধ করে দেন ট্রাক শ্রমিকরা। এর পাঁচ ঘণ্টা পর আবারো পরিবহন চালু হয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৯ জেলায় যমুনার সার পরিবহন বন্ধ থাকে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ০২-০৬০৮) জামালপুর নান্দিনা থেকে তারাকান্দিতে ফিরছিল। পথিমধ্যে পৌরসভার এলিন মার্কেটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সাথে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশাচালক রতন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও ট্রাক ড্রাইভার সোলাইমানকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ট্রাক ড্রাইভারের আটকের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে তারাকান্দি ট্রাক শ্রমিক ইউনিয়ন যমুনার সার ১৯ জেলার পরিবহন বন্ধ করে দেয়। পরে দুপুরে ট্রাকচালককে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

এ ব্যাপারে তারাকান্দি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি টিটু মিয়া জানান, ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি অটোরিকশার চালক আহত হন।

আহত চালকের চিকিৎসা করাচ্ছি আমরা। ওই ঘটনায় পুলিশ ট্রাক ড্রাইভারকে থানায় নিয়ে যায়। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে যমুনা সারকারখানা সার পরিবহন বন্ধ রাখা হয়েছে। ট্রাক ড্রাইভারের মুক্তি দেওয়া না হলে সার পরিবহন বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়। দুপুরে আটক ড্রাইভারকে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান এ শ্রমিক নেতা।

সরিষাবাড়ী থানার ওসি তদন্ত ফয়সাল আহমেদ বলেন, ট্রাকশ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ও আহত রোগীর স্বজনদেন সাথে আলোচনা হয়। উভয়পক্ষ সমঝোতায় আসলে ট্রাক ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়।