শিরোনাম
Passenger Voice | ১০:৫১ এএম, ২০২৩-০৯-১৩
যাত্রী অধিকার দিবস আজ বুধবার (১৩ সেপ্টেম্বর)। দেশে পঞ্চমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হলো—‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই।’
যাত্রী হয়রানি, ভাড়া-নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে দেশে যাত্রী অধিকার দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এবারের যাত্রী অধিকার দিবসে সড়ক পরিবহন আইনে যাত্রী অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে পরিবহনে ভাড়া-নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনা বন্ধের মধ্য দিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন খাত গড়ে তোলার বিষয়টি কর্তৃপক্ষের সামনে আনার প্রতীকী দিবস হিসেবে ২০১৯ সাল থেকে যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন ১৩ সেপ্টেম্বরকে ‘যাত্রী অধিকার দিবস’ পালন করে আসছে।
বর্তমানে বৈশ্বিক মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে গণপরিবহনে ভাড়া-নৈরাজ্য ও পদে পদে যাত্রী হয়রানির বিষয়টি আরেক দফা উসকে দিয়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও পরিবহনে নিরাপত্তার বিষয়টি সামনে আনতে চান সংশ্লিষ্টরা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত