নাটোরে দাঁড়িয়ে থাকা লেগুনায় ট্রাকের ধাক্কা, হতাহত ৫

Passenger Voice    |    ০২:৩৮ পিএম, ২০২৩-০৮-৩১


নাটোরে দাঁড়িয়ে থাকা লেগুনায় ট্রাকের ধাক্কা, হতাহত ৫

নাটোরের লালপুরে দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় সিমা খাতুন (২৫) নামের এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিমা খাতুন লালপুর উপজেলার কদমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী। তিনি ঈশ্বরদী ইপিজেডের কর্মী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পাবনার ঈশ্বরদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মী তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক লেগুনার পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনা সড়কের পাশে গর্তে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন।’

তিনি আরও বলেন, ‘লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। মামলা প্রস্তুতি চলছে।


প্যা/ভ/ম