আখাউড়া-আগরতলা রেলপথে সফলভাবে চলেছে গ্যাং কার

Passenger Voice    |    ১২:৪৩ পিএম, ২০২৩-০৮-২৩


আখাউড়া-আগরতলা রেলপথে সফলভাবে চলেছে গ্যাং কার

বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের পুরো অংশে সফলভাবে চলল গ্যাং কার। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন থেকে প্রকল্প-সংশ্লিষ্টদের নিয়ে যাত্রা করে গ্যাং কারটি। দুপুর পৌনে ১টার দিকে গ্যাং কার আখাউড়ার শিবনগর এলাকায় ত্রিপুরা সীমান্তের জিরো লাইনে পৌঁছায়।

এর আগে মঙ্গলবার এই রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলবে বলে জানা গিয়েছিল। তবে প্রকল্প-সংশ্লিষ্টরা বলেছেন, পরীক্ষামূলক ট্রেন চালাতে আরও কয়েক দিন সময় লাগবে। আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর রেলপথটির উদ্বোধন করার কথা রয়েছে।

আখাউড়া-আগরতলা রেলরুটে গ্যাং কার চলছে কয়েক দিন ধরে। এতে করেই রেললাইনে পাথর ঢালা হচ্ছে। গতকাল প্রথমবার হালকা ওজনের এই গ্যাং কার চলেছে সীমান্তের শূন্যরেখা পর্যন্ত।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটির বাংলাদেশপ্রধান শরৎ শর্মা জানান, আখাউড়া অংশের সাড়ে ছয় কিলোমিটার এলাকায় রেললাইন বসানো হয়েছে। এখনও ভারী ইঞ্জিনের ট্রেন চলাচলে কিছু কাজ করতে হবে। তবে গ্যাং কারে করে গতকাল আখাউড়া অংশের পুরো রেললাইন পর্যবেক্ষণ করা হয়েছে। আরও ঠিক কী কী কাজ করা প্রয়োজন, তা দেখে আসা হলো। আগামী ১০ দিনের মধ্যে পুরো রেললাইন যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য উপযোগী হবে বলে তিনি আশাবাদী।

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রধান প্রকৌশলী ও আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া বলেন, সীমান্ত পর্যন্ত রেললাইন বসানো হয়ে গেছে। ফিটিংস লাগানোও শেষ। এখন ব্যালাস্টিং চলছে ও প্যাকিং দেওয়া হচ্ছে, যাতে লেভেল ঠিক থাকে। চলতি মাসের শেষ দিকে রেল ইঞ্জিন চলাচলের ট্রায়াল হবে। এ ছাড়া সীমান্তে ইমিগ্রেশন ভবনের কিছু কাজ বাকি।


প্যা/ভ/ম