শিরোনাম
Passenger Voice | ১২:৪৫ পিএম, ২০২৩-০৮-০৩
নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগরের ফিডার রোডসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)।
ফায়ার সার্ভিস ও ইটাখোলা হাইওয়ে পুলিশ জানায়, দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। এ সময় বাসের ধাক্কায় অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক নাসির উদ্দীনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান।
খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা ও চালকের লাশ উদ্ধার করেন।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু খায়ের জানান, নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তাদের স্বজনরা এসে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত