রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেট্রোরেল

Passenger Voice    |    ১২:৩৫ পিএম, ২০২৩-০৭-০৫


রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেট্রোরেল

আগারগাঁও-উত্তরা রুটে মেট্রোরেল চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে। এ অনুসারে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে এই গণপরিবহন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, আগামী শনিবার (৮ জুলাই) থেকে নতুন এই সময়সূচিতে মেট্রো ট্রেন চলবে।

উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত যাবে।

তবে মেট্রোরেলের নতুন সময়সূচির সুবিধা সবাই পাবেন না। শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা শেষ দুটি ট্রেনে যাতায়াত করতে পারবেন। সিঙ্গেল জার্নি টিকেট দিয়ে ওই দুটি ট্রেনে চড়া যাবে না।

গত ৩১ মে মেট্রোরেলের চলাচলের সময় বাড়িয়ে সকাল ৮টা থেকে রাত ৮টা করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। ওই সময় চলাচল করত সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর ধাপে ধাপে সময় বাড়ানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, চলাচলের সময়সীমা এমধ্যরাত পর্যন্ত বর্ধিত হবে।

 

সূত্র: বণিক বার্তা