সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৫

Passenger Voice    |    ১২:০৮ পিএম, ২০২৩-০৬-২৩


সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৫

সড়ক দুর্ঘটনায় যশোরে দুজন, গাজীপুরে বিজিবি সদস্য, ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ ও নরসিংদীর মনোহরদীতে ব্যবসায়ীসহ পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

গাজীপুর : জেলার সদর উপজেলায় ট্রাকচাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত ও ছয় সদস্য আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টায় উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চালক, তার সহকারীসহ ট্রাকটি আটক করা হয়েছে। নিহত বিজিবি সদস্যের নাম শাহিদুর রহমান (৩৮)। তিনি সাতক্ষীরার তালা থানার শাহজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে। আহত সদস্যরা হলেন নায়েক মো. জহির, নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী ও সিপাহী সংগ্রাম। তাদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে ৬টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা প্রশিক্ষণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে ৬৩ বিজিবি, হোতাপাড়ায় গাজীপুরে কর্মরত নায়েক শাহিদুর রহমান নিহত হন। আহত হন ছয় বিজিবি সদস্য। 

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার কাচারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু গোপালপুর মধ্যপাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে। 

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, শ্রীরামপুর এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গুরুতর আহত হন অটোরিকশাযাত্রী বাচ্চু মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নরসিংদী: জেলার মনোহরদীতে কাভার্ড ভ্যানচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী কাজল মিয়া (৫৫) উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল মিয়া গতকাল চালাকচর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাবুরহাটে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর: জেলায় পৃথক সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল দুপুরে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া ও খাজুরা-কালীগঞ্জ সড়কের যাদবপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। 

রূপদিয়ায় পিকআপ, ট্যাংকলরি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চালক রাজীব তালুকদার (৩০) নিহত ও চারজন আহত হয়েছেন। যাদবপুরে দুই মোটরসাইকেল ও মাটিবাহী ট্রলির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম (৪০) নিহত ও  তার স্ত্রী চম্পা খাতুন আহত হয়েছেন। 

গতকাল বেলা ১টার দিকে যশোরের রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়কের বটতলা মোড়ে পিকআপ, ট্যাংকলরি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপ চালক রাজীব তালুকদার (৩০) ঘটনাস্থলে নিহত হন। নিহত রাজীব বরিশালের বাবুগঞ্জের আব্দুল হাকিম তালুকদারের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।  

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরে যশোরের বাঘারপাড়ার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই মোটরসাইকেল ও ইটভাটার মাটিবাহী ট্রলির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আশরাফুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী চম্পা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আশরাফুল বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। বাঘারপাড়া থানার ওসি শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।