শিরোনাম
Passenger Voice | ১০:৫৩ এএম, ২০২৩-০৬-২৩
একমাত্র আওয়ামী লীগ থাকলেই দেশ উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশকে সম্মান এনে দিয়েছে আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই দেশের মানুষের কথা চিন্তা করে। আওয়ামী লীগ থাকলেই দেশ উন্নত হবে, দেশ এগিয়ে যাবে।’
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জন্মলগ্ন থেকে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, এনেছে স্বাধীনতার বিজয়। ৭৫’র পর স্বাধীনতার চেতনা ধুলিস্যাৎ করেছে অবৈধ সামরিক সরকার, আওয়ামী লীগ তা ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ দেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছে। পূরণ করেছে মানুষের অধিকার।’
তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে আজকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ আজকের উন্নয়নশীল মর্যাদা পেয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকলে দেশ উন্নয়নের পথে থাকবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সন্ত্রাসী দল বিএনপি-জামায়াতসহ যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, তারা দেশকে ধ্বংস করতে চায়।’
তিনি বলেন, ‘অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল, তারা এ দেশের স্বাধীনতার চেতনাকে ধুলিস্যাৎ করেছিল। আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।’
তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ যারা জীবন দিয়েছেন, ২০০১ সালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে যারা হতাহত হয়েছেন, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসে যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানীর প্রতিও তিনি শ্রদ্ধা জানান।
এ সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত