শিরোনাম
Passenger Voice | ০৫:১৫ পিএম, ২০২৩-০৬-১২
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর আড়াইটায় মগবাজার পর্যন্ত মিছিল করার কথা ছিল দলটির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের।
সোমবার (১২ জুন) তারুণ্যের সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে তাদের এই মিছিল করার কথা ছিল।
সকাল থেকে টানা বৃষ্টি এবং সড়কের বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে থাকার কারণে নির্ধারিত সময়ে মিছিল শুরু করতে পারেনি তারা। তবে, সড়কের পানি কিছুটা কমে এলে বিকেল সাড়ে ৩টা থেকে মিছিলের প্রস্তুতি নিতে শুরু করে তিন সংগঠন।
সোমবার বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পানির মধ্যে দাঁড় করানো পিকআপ ভ্যানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি নেতারা। এর আগে, ছোট ছোট মিছিল নিয়ে তিন সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেন।
এদিকে, আজকের বিএনপির তিন সংগঠনের মিছিলকে কেন্দ্র করে, যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকাল থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছের নাইটিঙ্গেল মোড়ে রাখা হয়েছে একাধিক জলকামান ও প্রিজনভ্যান। ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতর পাশাপাশি রয়েছে সাদা পোশাকের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সকাল থেকে টানা প্রায় দেড় ঘণ্টা মুষলধারে বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে আছে। অপরদিকে, বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টন ও আশপাশের সড়কে অবস্থান নেওয়ায় নয়াপল্টন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
মিছিল পূর্ব সমাবেশে অংশ নিতে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়, রবিউল আলম রবি প্রমুখ।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত