শিরোনাম
Passenger Voice | ০৫:৩৬ পিএম, ২০২৩-০৫-২৭
ঢাকার আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় দেশীয় অস্ত্র দেখিয়ে সাধারণ পথচারী, রিকশাচালকসহ যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করছিল একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। তালিকাভুক্ত ও সাজাপ্রাপ্ত এমন আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আলী হোসেন ওরফে আলী (৩৮), মো. আবুল বাশার (৩০), মো. ইমরান হোসেন (২৩), মো. নাজির হোসেন (২৬), মো. শুভ (২০), মো. ওয়াহিদ হাসান (৩০), মো. স্বপন (২৯), মো. মিরাজ হোসেন (৩৫), মো. রুবেল উদ্দিন (২৮), মো. শাকিব (২১)।
শনিবার (২৭) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৪।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে আশুলিয়ার কবিরপুর এলাকায় দেশীয় অস্ত্র দেখিয়ে সাধারণ পথচারী, রিকশাচালকসহ যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করতো সংঘবদ্ধ একটি অপরাধী চক্র। ক্ষেত্রবিশেষে হত্যার উদ্দেশ্যে যাত্রীদের ছুরিকাঘাত করে পালিয়ে যেতো তারা। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও গ্রেফতার আলী হোসেন এ দলের সর্দার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত পলাতক আসামি এবং তার বিরুদ্ধে ডাকাতি-ছিনতাই এবং মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত