শিরোনাম
Passenger Voice | ০৩:৫৫ পিএম, ২০২৩-০৫-২০
সড়কে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণসহ নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
শনিবার (২০ মে) সকাল ১১টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। ৭ম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষ্যে সংহতি প্রকাশের পাশাপাশি তারা এ দাবি জানান।
তারা বলেন, প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। আর এতে অকালে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। এই দুর্ঘটনার পেছনে যেমন চালকরা দায়ী, একইভাবে পথচারীরাও দায়ী। তাই সড়ক দুর্ঘটনা রোধে চালক এবং পথচারীদের আরও সচেতন হতে হবে।
মানববন্ধনে সিএনজিচালিত অটোরিকশার চালকদের বাকি দাবিগুলো হলো, সড়ক পথচারী বান্ধব করা, যত্রতত্র যানবাহন পার্কিং না করা, অসচেতনভাবে রাস্তা পারাপার না হওয়া, রাস্তা পারাপার অবস্থায় সেলফোন ব্যবহার না করা, ট্রাফিক নির্দেশনা মেনে চলা ইত্যাদি।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সঙ্গে সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনসহ ঢাকা উদ্যান সিএনজি চালক সমিতি মানববন্ধনে যুক্ত হয়ে এসব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮৫২ জন। সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৬৩ জন চালক, ৯০ জন পথচারী, ৩৭ জন পরিবহনকর্মী, ৩২ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ২৫ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। তাদের মধ্যে ৭৩ জন নারী ও ৬৩ জন শিশু।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত