শিরোনাম
Passenger Voice | ০৩:৫৯ পিএম, ২০২৩-০৫-১৯
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীতে ধারণ ক্ষমতার চেয়েও প্রায় ছয়গুণ যানবাহন চলাচল করে। এ কারণে তীব্র পরিবেশ দূষণ হচ্ছে। তাই সাইকেল চলাচলের পরিবেশ তৈরি করতে পারলে দূষণের কবল থেকে পরিবেশকে রক্ষা করতে পারব।
আজ শুক্রবার সকালে জাতিসংঘ সড়ক নিরাপত্তা ২০২৩ উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের পাশে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুইটাই দরকার। সাইকেল এবং হাঁটা এ দুইটায় পরিবেশের কোনো ক্ষতি হয় না। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর-পরিকল্পনায় এই বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ধারণ ক্ষমতার চেয়েও প্রায় ছয়গুণ যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশ দূষণ হচ্ছে। ধুলাবালি ও হর্নের শব্দের কারণে একজন সুস্থ মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিবেশ থাকে না। মাস্ক ছাড়া চলাচল করলে ফুসফুসজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
পরে সাইকেলিস্টদের একটি বর্ণাঢ্য র্যালি হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্পি থিয়েটারের পাশে এসে শেষ হয়। সাইকেল র্যালিতে অনেক নারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত