শিরোনাম
Passenger Voice | ১২:০৩ পিএম, ২০২৩-০৫-১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সূচির বিপর্যয়ের কারণে আবারও ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। আজ বৃহস্পতিবার বি ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে। এই ইউনিটের সকালের পালায় পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। কিন্তু শাটলের সূচির বিপর্যয়ের কারণে পরীক্ষা শুরু হয়েছে বেলা সোয়া ১১টার দিকে।
পরীক্ষা দেরিতে শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বি ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মোহাম্মদ মাহবুবুল হক। তিনি বলেন, শাটল ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ক্যাম্পাসে এসেছে। এ কারণে সব শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার জন্য ১৫ মিনিট দেরিতে পরীক্ষা শুরু করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেন। নগরের বটতলী থেকে ভর্তি পরীক্ষা উপলক্ষে এটি দিনে নয়বার যাওয়া আসা করছে। ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ শাটলে যাতায়াত করেন। এ কারণে যদি শাটলের সূচির বিলম্ব হয় তাহলে পরীক্ষাও বিলম্বে শুরু হয়। এর আগে গত মঙ্গলবার এ ইউনিটের ভর্তি পরীক্ষাও ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল। অতিবৃষ্টির কারণে শাটলের লাইনের ত্রুটি দেখা দেওয়ায় এ বিলম্ব হয়েছিল বলে ওই দিন জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ নগরের বটতলী থেকে ছেড়ে আসা সকাল ৮টা ১৫ মিনিটের ট্রেনের সূচির বিপর্যয় হয়েছিল। ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ৯টা ১৫ মিনিট। তবে এটি ক্যাম্পাসে পৌঁছেছে সকাল ১০টা ৫ মিনিটে।
আজ বৃহস্পতিবারও শাটলের সূচির বিপর্যয় হওয়ার কারণ জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার রতন কুমার চৌধুরী বলেন, শাটলে শিক্ষার্থী অনেক বেশি ছিল। তাঁদের তাড়াহুড়োর কারণে একটা কোচের পার্টস নষ্ট হয়েছিল। এটি মেরামত করতে কিছুটা সময় লেগেছে। এ কারণে সূচির বিলম্ব হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বিভাগ নিয়ে গঠিত বি ইউনিটের পরীক্ষা আজ শুরু হয়েছে। মোট তিনটি পালায় এই ইউনিটের পরীক্ষা হবে। এর মধ্যে আজ সকাল ও বিকেল দুটি, আর একটি হবে আগামীকাল শুক্রবার সকালে। বি ইউনিটে মোট পরীক্ষার্থী ৫২ হাজার ৯৫৫ জন। বি ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ২২১টি। সেই হিসেবে এই ইউনিটে এক আসনের বিপরীতে পরীক্ষা দেবেন প্রায় ৪৩ জন। আজ সকালের পালায় পরীক্ষায় বসবেন ১৭ হাজার ৬৬৫ জন, বিকেলে একই সংখ্যক ভর্তিইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষা দেবেন। আবার শুক্রবার সকালেও পরীক্ষা দেবেন ১৭ হাজার ৬৬৫ জন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত