শিরোনাম
Passenger Voice | ০২:৪৫ পিএম, ২০২৩-০৫-১৭
কালবৈশাখী ঝড়ে দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল পদ্মা সেতু। গতকাল মঙ্গলবার (১৬ মে) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ বিপত্তি ঘটে। তবে টোল আদায় বা যান চলাচলে বিঘ্ন ঘটেনি। খবর বাসস।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং অফিসের এজিএম সৌমিক নাসের জানান, ঝড় ও বজ্রপাতে পদ্মা সেতুর ৩৩ কেভি লাইন ট্রিপ করে। অর্থাৎ বন্ধ হয়ে যায়।
ঝড়-বৃষ্টি বন্ধ হলে প্রায় পৌনে ১ ঘণ্টা পর শ্রীনগর গ্রিড থেকে যুক্ত হওয়া প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুতের গ্রিড লাইন দুটি টিম পরীক্ষা করে। একটি টিম দোগাছি থেকে ছনবাড়ি পর্যন্ত এবং আরেক টিম দোগাছি থেকে কাজীর পাগলা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে লাইন চেক করতে বের হয়। লাইন ঠিক পাওয়ার পর ট্রায়াল দেয়া হয়।
ট্রায়ালে লাইন টিকে যাওয়ায় চালু করা হয় পদ্মা সেতুর বিদ্যুৎ সরবরাহ।
মাওয়া প্রান্তে রাত ৮টায় বন্ধ হওয়া লাইন চালু হয় রাত ১০টায়। জাজিরা প্রান্তে বিদ্যুৎ বন্ধ হয় ৭টা ৫৪ মিনিটে, চালু হয় পৌনে ৯টায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা সেতুর এক কর্মকর্তা জানান, সেতুতে বিদ্যুৎ না থাকলেও জেনারেটর দিয়ে টোলপ্লাজার কার্যক্রম চালু রাখা হয়। টিকিট কাটার সময় চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে সেতুতে চলাচলের পরামর্শ দেয়া হয়।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি জানিয়েছে, প্রায় সাড়ে ১০ মাস আগে চালু হওয়ায় পদ্মা সেতুতে কোনো বিদ্যুৎ বিভ্রাট হয়নি। তবে প্রাকৃতিক বিপর্যয় তথা ঝড়ের কারণে দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলো।
এর আগে ২০২২ সালের ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সেতুতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত